ঈদের আগে রপ্তানি খাতে ছাড় হলো ৩১০০ কোটি টাকার প্রণোদনা
পবিত্র ঈদুল আজহার আগে রফতানিকারকদের জন্য বড় অঙ্কের নগদ সহায়তা ছাড় করেছে ব্যাংলাদেশ ব্যাংক। রফতানি খাতের বকেয়া নগদ প্রণোদনা বাবদ ৩ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে তৈরি পোশাকশিল্প।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত জমা হওয়া সব আবেদন নিষ্পত্তি করে এই অর্থ ছাড় করা হয়েছে। মোট প্রণোদনার প্রায় ৯৩ দশমিক ৫ শতাংশ অর্থাৎ ২ হাজার ৯০০ কোটি টাকা গেছে তৈরি পোশাক খাতে। বাকি অর্থ পাট ও পাটজাত পণ্য রফতানিকারকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, দ্রুত নগদ সহায়তা ছাড়ের ফলে রফতানিকারকদের তারল্য পরিস্থিতির উন্নতি হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে সরকার বিভিন্ন সময় রফতানি খাতে নগদ সহায়তা দিয়ে থাকে। নির্ধারিত নীতিমালার আওতায় রফতানিকারকরা পণ্য রফতানির বিপরীতে এই সুবিধা পান।
ব্যবসায়ীদের একটি অংশ বলছেন, অতীতে নগদ সহায়তার আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা থাকলেও চলতি অর্থবছরে বকেয়া অর্থ পরিশোধের মাধ্যমে সেই চাপ অনেকটাই কমেছে। এতে রফতানিমুখী শিল্পে বিনিয়োগ ও উৎপাদন বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
সরকার চলতি অর্থবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রফতানি প্রণোদনা ও নগদ সহায়তা বহাল রেখেছে। পণ্যভেদে সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে। বর্তমানে ৪৩টি পণ্য ও সেবা খাত এই সুবিধার আওতায় রয়েছে।
মুন্নি/চখ
