বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিন ঝড়-বৃষ্টির আভাস
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, বর্তমানে মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
রবিবার ও সোমবারও উত্তরাঞ্চল এবং সিলেট-ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এ সময় দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে সিলেট, ময়মনসিংহ ও ঢাকার কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহজুড়ে দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মুন্নি/চখ
