chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাপলা চত্বর হত্যা মামলা

দীপু মনি, বাবু ও রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল                    

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপা-কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

 

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে আসামিদের আগামী ৭ জুন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পূর্ব নির্ধারিত তারিখ রয়েছে।

 

এর আগে সকালে কারাগার থেকে তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিলেন ট্রাইব্যুনাল।

শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বরের ঘটনার সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিকভাবে এমন মন্তব্য করেছিলেন, যা ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপনের ইঙ্গিত দেয় বলে রাষ্ট্রপক্ষের অভিযোগ।

তিনি আরও দাবি করেন, ঘটনাটি আড়াল ও তথ্য গোপনের ক্ষেত্রে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে রাষ্ট্রপক্ষ মনে করে। তাদের প্রতিবেদনে ঘটনার প্রকৃত তথ্য লুকানো হয়েছিল বলেও অভিযোগ করা হয়।

এই মামলায় আরও যেসব আসামি আগে থেকেই কারাগারে রয়েছেন, তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

মামলাটি নিয়ে ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রম ৭ জুন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর