পাহাড়ে জিংকসমৃদ্ধ ব্রি ধানের অভাবনীয় সাফল্য
বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় এই প্রথমবারের মতো উচ্চ ফলনশীল ও জিংকসমৃদ্ধ ব্রি ধান–১০১ ও ব্রি ধান–১০২ এর চাষাবাদ করে সফলতার মুখ দেখছেন স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় প্রায় ১৫ জন কৃষক চলতি বোরো মৌসুমে পরীক্ষামূলকভাবে এই দুই জাতের ধানের আবাদ করেন। বর্তমানে ধান কাটার মৌসুম চলায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন এই দুই জাতের ধানে প্রত্যাশার চেয়েও ভালো ফলন পাওয়া গেছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে এখন স্বস্তি ও আনন্দের হাসি ফুটে উঠেছে। অনেক কৃষক জানিয়েছেন, আগামী মৌসুমে তারা আরও বেশি জমিতে এই জাতের ধান চাষ করবেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ব্রি ধান–১০১ একটি উন্নত ও জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল জাত, যা হেক্টরপ্রতি গড়ে ৭ দশমিক ৭৬ থেকে ৮ দশমিক ৫০ মেট্রিক টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। অন্যদিকে ব্রি ধান–১০২ এর গড় ফলন হেক্টরপ্রতি প্রায় ৮ দশমিক ১০ টন, যা সঠিক পরিচর্যায় আরও বাড়তে পারে। দুই জাতের ধানই পুষ্টিগুণসমৃদ্ধ, চিকন ও উন্নত মানের চাল উৎপাদনে সক্ষম হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে।
রুমা উপজেলার থানা পাড়া কৃষক প্রুসাথুই মারমা বলেন, “প্রথমবার এই জাতের ধান ৩৩ শতক ব্রি ধান চাষ করেছি। ফলন দেখে আমরা খুবই খুশি। আগের জাতের তুলনায় ধানের শীষ বড় হয়েছে এবং উৎপাদনও বেশি পেয়েছি বলে জানান।

রুমা উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদুল হক তিনি জানান, “রুমার পাহাড়ি অঞ্চলে আধুনিক ও উচ্চ ফলনশীল ধানের জাত সম্প্রসারণে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। ব্রি ধান–১০১ ও ১০২ এই অঞ্চলের মাটি ও আবহাওয়ার সঙ্গে বেশ উপযোগী প্রমাণিত হয়েছে। কৃষকরা ভালো ফলন পাওয়ায় আগামীতে আরও কৃষককে এই জাতের ধান চাষে উদ্বুদ্ধ করা হবে।
তিনি আরও বলেন, “কৃষকদের নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে রুমার কৃষিকে আরও সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য।
স্থানীয় সচেতন মহলের মতে, পাহাড়ি এলাকায় নতুন উচ্চ ফলনশীল জাতের ধান চাষ সফল হওয়ায় খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে।
তাসু/চখ