ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে জয়া আহসানের রিট
দেশে ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে।
সোমবার জয়া আহসান, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট যৌথভাবে এ রিট দায়ের করেন।
রিটকারীদের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার সাকিব মাহবুব, ড. সিনথিয়া ফরিদ ও অ্যাডভোকেট সাজিদ হাসান।
রিট আবেদনে বলা হয়, অসুস্থ প্রাণীর মাংস প্রতারণামূলকভাবে মানুষের খাদ্য হিসেবে বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিষয়টিতে উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আবেদনে গাজীপুর-এ উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্যের ঘটনায় সময়সীমাবদ্ধ তদন্ত, সংশ্লিষ্ট অভিযোগের নিষ্পত্তি এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের আবেদনও জানানো হয়।
এ ছাড়া ৬০ দিনের মধ্যে এ ধরনের কার্যক্রম বন্ধে জাতীয় নির্দেশিকা প্রণয়ন, অসুস্থ ও বাজেয়াপ্ত ঘোড়ার নিলাম বন্ধ এবং উদ্ধার করা প্রাণীদের পরিচর্যা ও পুনর্বাসনের জন্য অভয়ারণ্য তৈরির নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিটকারীদের আইনজীবীরা জানান, ২০২৫ সালের নভেম্বরের শুরুতে গাজীপুর-এ জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদফতর, র্যাব-১ ও পুলিশের যৌথ অভিযানে একটি তুলা কারখানাকে অবৈধ জবাইখানা হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অভিযানে ৩৬টি গুরুতর অসুস্থ ঘোড়া, আটটি জবাইকৃত ঘোড়ার মৃতদেহ এবং বিক্রির জন্য প্রস্তুত বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া প্রাণীগুলোকে অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। সেগুলো অপুষ্টি, সংক্রমণ, উন্মুক্ত ক্ষত, পোকা সংক্রমণ ও টিউমারসহ নানা জটিলতায় আক্রান্ত ছিল। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়-এর পরীক্ষায় অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া, পরজীবী সংক্রমণ, ছত্রাক দূষণ এবং সন্দেহজনক যক্ষ্মার উপস্থিতি শনাক্ত হয়।
রিটে আরও বলা হয়, জবাই করা এসব ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বাজারে বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে স্বাস্থ্যঝুঁকির মুখে ফেলা হচ্ছিল।
তাসু/চখ