বৈষম্যমুক্ত দূরশিক্ষায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে বাউবি: উপাচার্য
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, আধুনিক ও বৈষম্যমুক্ত অনলাইনভিত্তিক দূরশিক্ষা ব্যবস্থা দেশের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে। এ পরিবর্তনের অগ্রযাত্রায় বাউবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
রোববার বাউবির চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত এক প্রমোশনাল কার্যক্রম ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বাউবির দূরশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নগর ও গ্রামের বিভিন্ন বয়স ও পেশার মানুষ উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে ঝরে পড়া শিক্ষার্থী ও কর্মজীবী জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এর ফলে বিপুলসংখ্যক মানুষ দেশে ও বিদেশে আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রেখে সাফল্য অর্জন করছেন।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে শিক্ষা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হচ্ছে। বাউবির এ অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির, সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সালাম হাওলাদার এবং ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম।
সভায় স্বাগত বক্তব্য দেন বাউবির রেজিস্ট্রার টি এম আহমেদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. শাহ আলম সরকার।
এ সময় চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষাবিদ এবং বাউবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
