ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৫১
গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় দুই চিকিৎসাকর্মীসহ নিহত হয়েছেন অন্তত ৫১ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্য বিভাগের দুটি স্থাপনাকে সরাসরি লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। মন্ত্রণালয়ের অভিযোগ, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির তৃতীয় সপ্তাহে এই হামলা চালাল ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২ মার্চ নতুন সামরিক অভিযান শুরুর পর থেকে দেশজুড়ে নিহত হয়েছেন ২ হাজার ৮৪৬ জন। জাতিসংঘ বলছে, এই সময়ে ১৩০টির বেশি ইসরায়েলি হামলায় অন্তত ১০৩ জন লেবানিজ চিকিৎসাকর্মী নিহত এবং আহত হয়েছেন অন্তত ২৩০ জন।
দক্ষিণ লেবাননের টাইর শহরের সিভিল ডিফেন্স প্রধান আলি সাফিউদ্দিন বলেছেন, ‘আমরা প্রতিদিন, প্রতি সেকেন্ড হুমকির মধ্যে আছি। আমরা ভাবি আমরা বাঁচব নাকি মারা যাব। আমরা জানি, এখানে কাজ করতে এসে আমরা জীবন উৎসর্গ করেছি। অনেক মানুষকে হারিয়েছি, এখন মনে হয় আমরাও যেন হারিয়ে গেছি।’
২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখের বেশি লেবানিজ। গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা আরও বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ফরিদা|চখ
