সীতাকুণ্ডে ডাকাত-ছিনতাইকারীদের তাণ্ডব, সর্বস্ব হারাল বরযাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন বর যাত্রীরা। এছাড়াও গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে এসে হামলার শিকার হয়ে আহত হয়েছেন আট জন পযটক। তার ২২ জনের একটি গ্রুপ বেড়াতে আসেন। তবে স্থানীয়দের সহযোগীতায় লুটে করে নেওয়া চারটি মানিব্যাগ ফিরে পেয়েছে জানিয়েছেন ওই পর্যটকরা।
এছাড়া যাত্রী মনে করে মহাসড়কে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
শুক্রবার রাতে ও শনিবার সকালে ডাকাতি ও ছিনতাইয়ের এ তিনটি ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতরা সাধারণত যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেট কার দেখলে এটিকে লক্ষ্য করে রড অথবা লোহার পাইপ নিক্ষেপ করে। বিকট শব্দ হওয়ায় অনেক চালক গাড়ি থামিয়ে কী হয়েছে তা বোঝার চেষ্টা করেন। এ সুযোগে ডাকাতি হয়।
শুক্রবার রাতে সাড়ে তিনটার দিকে একই কায়দায় পুলিশ সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। এ সময় গাড়ি থামিয়ে ধাওয়া করে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টাকারী রবিউল হোসেন (২৮) নামের একজনকে ভাটিয়ারীর বানু বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে এলাকায় চিহ্নিত ডাকাত হিসাবে পরিচিত। আগে একাধিকবার ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলো। তার একটি বাহিনী রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
গ্রেপ্তার রবিউল হোসেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
একই দিন ভোররাতে উপজেলার মহাসড়কের নূনাছড়া এলাকায় একদল সশস্ত্র ছিনতাইকারীর কবলে পড়ে একটি মাইক্রোবাসে থাকা বিয়ের অনুষ্ঠান থেকে ফেরা বরযাত্রীরা। অস্ত্রের মুখে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় ছিনতাকারী দুর্বৃত্তরা।
ভুক্তভোগীদের মধ্যে একজন জনি বনিক (২৯) বলেন, বিয়ে শেষে বাড়ি ফেরার পথে নূনাছড়া এলাকা অতিক্রম করার সময় তাদের মাইক্রোবাসে হঠাৎ একটি শব্দ শোনা যায়। শব্দ শোনার পর গাড়িচালক গাড়িটি দাঁড় করান। এ সময় তারা গাড়ি থেকে নেমে মোবাইলের লাইট জ্বালিয়ে গাড়ি থেকে কিছু পড়ে গেছে কি না তা চারপাশে খোঁজাখুঁজি করেন। এ সময় হঠাৎ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশের জমি থেকে ৫–৬ জন সশস্ত্র দুর্বৃত্ত বেরিয়ে আসে। তাদের হাতে রামদা, কিরিচ ও ছুরি ছিল। তারা ভয়ভীতি দেখিয়ে গাড়িতে থাকা বিয়ের অতিথিদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, মানিব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বরযাত্রীর মধ্যে গাড়ির বাইরে থাকা তিনজনকে ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে দৌড়ে মসজিদে গিয়ে আশ্রয় নেন।
মসজিদের ভেতর থেকে জনি বণিক জাতীয় জরুরি সেবা হটলাইন নম্বর- ৯৯৯-এ কল করে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানাকে জানায়। পরে ভুক্তভোগীরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অপরদিকে স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) সকালে গুলিয়াখালি সমুদ্র সৈকতে ঢাকা থেকে ভ্রমনে আসে ২২জন পযটকের একট
গ্রুপ বেড়াতে আসা অধিকাংশ ইউনিভাসিটি অফ ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি শিক্ষার্থী ও তাদের পরিবার বলে জানায় তাদের বহরে থাকা পযটক মো. মাহিন।
তিনি বলেন, শনিবার সকালে গুলিয়াখালী সৈকতে একটি টেবিলে বসাকে কেন্দ্র করে হামলা শুরু করে কয়েকজন দূর্বৃত্ত। এসময় ১০/১২ জনের একটি দল লাঠি নিয়ে হামলা করে এতে আটজন পযটক আহত হন। গুরুতর আহত রাব্বি, তাসফিক, মোহাইমিন ও রাজু নামে চারজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, হাসপাতালে এসে ৮ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনের হাত ভেঙেছে বলে ধারনা করা হচ্ছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী জানান, মহাসড়কের নুনাছড়া বিয়ের অনুষ্ঠান ফেরৎ বর যাত্রীদের গাড়ি ডাকাতির ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সাধারণ যাত্রীদের গাড়ি মনে করে পুলিশের গাড়িতে লোহার পাইপ নিক্ষেপ করেছিল ডাকাতরা। এ ঘটনায় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রবিউল হোসেনের বিরুদ্ধে তিন ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। এই তিন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।
শনিবার সকালে উপজেলার গুলিয়াখালী সৈকতে পযটকদের সঙ্গে স্থানীয়দের বিরোধের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মআ/চখ
