পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় পুকুরে গোসল করতে নেমে মেহেদী হাসান মারুফ (১৮) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আন্নরআলী মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান মারুফ পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ওই এলাকার মিজবাহ উদ্দীন বাবুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী দীর্ঘদিন ধরে থ্যালাসামিয়া রোগে ভুগছিলেন। শনিবার সকালে চুল কাটার পর তিনি নিজ বাড়ির পুকুরে গোসলে নামেন। এ সময় তিনি পানিতে ডুবে যান।
পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম বলেন, “ছেলেটি জন্মের পর থেকেই অসুস্থ ছিল। তাকে নিয়মিত রক্ত দিতে হতো। আজ সকালে চুল কেটে গোসলে নেমে তার মৃত্যু হয়েছে। এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, পুকুরে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তাসু/চখ
