চট্টগ্রামে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার দুই
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার নগরের খুলশী ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩২ অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার ওয়াসা মোড় এলাকায় একটি ফাস্টফুড দোকানে অভিযান চালায়। এ সময় মো. ফয়সাল আহমেদ রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলিগুলোর গায়ে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে চকবাজার থানার দামপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে আমিনুল হক বাপ্পী (৩৯) নামে আরও এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১১ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির কাছ থেকে মোট ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি জব্দ করা হয়েছে।
ডিবির কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, চট্টগ্রামের পার্বত্য এলাকার বিভিন্ন উৎস থেকে এসব গুলি সংগ্রহ করা হয়েছিল। পরে সেগুলো চট্টগ্রাম মহানগরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের কাছে রাখা হয়েছিল বলে তারা জানিয়েছেন।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্নি/চখ
