ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে দেশের স্কুল-কলেজ ও মাদ্রাসাগুলোতে দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল ও কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার রাতে জানায়, এবার ঈদুল আজহার সরকারি ছুটি আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। টানা সাত দিনের এ ছুটির অংশ হিসেবে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।
তবে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বঘোষিত ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে। ছুটি শেষ হবে ৪ জুন। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের বিরতি পাচ্ছে।
একইভাবে কলেজগুলোতেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজ শিক্ষার্থীরাও টানা ১৬ দিনের ছুটি উপভোগ করবেন।
অন্যদিকে মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ১১ জুন পর্যন্ত। ছুটির আগে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ মাদ্রাসায় মোট ২১ দিনের টানা ছুটি মিলছে।
