chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীকে স্মরণ

আনোয়ারা উপজেলার পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আনোয়ারা ফাউন্ডেশন’-এর সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে আয়োজিত এই সভায় বক্তারা প্রয়াত এই মুক্তিযোদ্ধাকে একাধারে নির্লোভ, নিরহংকারী, দেশপ্রেমিক এবং সমাজ সংস্কারক হিসেবে অভিহিত করেন।

আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। চক্ষু সংক্রান্ত জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত হতে না পারলেও তিনি সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমপি সরওয়ার জামাল নিজাম তার বক্তব্যে বলেন, “সুভাষ চৌধুরী ছিলেন আনোয়ারার এক আলোকিত মানুষ। তার মতো একজন মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই শোকসভা আয়োজন করায় আমি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।” তিনি আনোয়ারার গণমানুষের অধিকার আদায়ে ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি জোরালো করার প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডাঃ মাহফুজুর রহমান।

তিনি বলেন, “একটি আদর্শ রাষ্ট্র কাঠামো ছাড়া বৈষম্য দূর করা অসম্ভব। সুভাষ চৌধুরী আমৃত্যু বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করে গেছেন, যা নতুন প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত।”

লেখক ও গবেষক জামাল উদ্দিন স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “১৯৮১ সাল থেকে আমার গবেষণা এবং পরৈকোড়া গণহত্যার ইতিহাস ও মুক্তিযুদ্ধের তথ্য উপাত্ত সংগ্রহে সুভাষ চৌধুরী অসামান্য সহযোগিতা করেছেন।”

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রয়াত মুক্তিযোদ্ধার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত বিশিষ্টজনরা শোক বইয়ে তাদের অনুভূতি ও মতামত ব্যক্ত করেন। শোকবাণী পাঠ করেন সংগঠক যিশু দাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাপস হোড়, বীর মুক্তিযোদ্ধা রাজা মিঞা, সিনিয়র আইনজীবী এডভোকেট চন্দন বিশ্বাস, শিল্পপতি মাইকেল দে, সাংবাদিক সুজিত কুমার দাশ এবং সুভাষ চৌধুরীর সহধর্মিণী শিক্ষিকা অনিমা চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন প্রকৌশলী সিন্চন ভৌমিক, মানবাধিকার কর্মী ইফতেখার হোসাইন, ক্যাব নেতা মোহাম্মদ জানে আলমসহ আনোয়ারা ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তাদের স্মৃতিচারণে হলরুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সভায় বক্তারা সুভাষ চৌধুরীর আদর্শকে ধারণ করে আনোয়ারার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর