৪০ ঘণ্টা হৃৎস্পন্দন বন্ধ, জীবন ফিরে পেলেন রোগী
চীনের ঝেজিয়াং প্রদেশে এক অবিশ্বাস্য চিকিৎসা ঘটনার জন্ম দিয়েছে। হার্ট অ্যাটাকের পর প্রায় ৪০ ঘণ্টা হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও আধুনিক চিকিৎসা প্রযুক্তির সহায়তায় এক ব্যক্তি জীবন ফিরে পেয়েছেন।
স্থানীয় গণমাধ্যম ও চিকিৎসক লু শিয়াওয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪০ বছর বয়সী ওই ব্যক্তি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। একাধিকবার ডিফিব্রিলেশন প্রয়োগ করেও তাঁর হৃদস্পন্দন ফেরানো সম্ভব হয়নি।
পরবর্তীতে চিকিৎসক দল রোগীকে জীবন রক্ষাকারী প্রযুক্তি এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ইসিএমও)–এর সহায়তায় চিকিৎসা শুরু করে। এই যন্ত্র বাইরে থেকে হৃদযন্ত্র ও ফুসফুসের মতো কাজ করে রক্তে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে।
চিকিৎসকদের প্রচেষ্টায় প্রায় দুই দিন হৃদযন্ত্র বন্ধ থাকার পরও রোগীকে জীবিত রাখা সম্ভব হয়। পরে তাঁর হৃদস্পন্দন ফিরে আসে এবং আরও প্রায় ১০ দিন ইসিএমও সহায়তায় রাখা হয়।
চিকিৎসক লু জানান, রক্ত জমাট বাঁধা ও অতিরিক্ত রক্তক্ষরণসহ জটিল ঝুঁকির মধ্যেও চিকিৎসক দল অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা পরিচালনা করেন। প্রায় ২০ দিনের চিকিৎসা শেষে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে নিজে হেঁটে হাসপাতাল ছাড়েন।
বিশেষজ্ঞরা বলছেন, ইসিএমও প্রযুক্তি কার্ডিয়াক অ্যারেস্ট রোগীদের বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে, তবে এটি অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ একটি চিকিৎসা পদ্ধতি।
ঘটনাটি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অসাধারণ সাফল্য হিসেবে উল্লেখ করছেন।
তাসু/চখ
