সাজেকের দুর্গম এলাকায় ইউপিডিএফ সদস্য খুন
রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৫০) নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজে মারিশ্যা জোড়া ব্রিজ এলাকায় অবস্থানকালে হেগেরা চাকমার ওপর ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফ (প্রসিত) এর শুকনাছড়া এলাকার ‘কালেক্টর’ হিসেবে পরিচিত ছিলেন।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লেগেছে। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত চলমান রয়েছে। বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন এলাকায় প্রায়ই গুলি, অপহরণ, হত্যা ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এতে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
ঘটনার পর শুকনাছড়া, মারিশ্যা ও সাজেক সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য সহিংসতা এড়াতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
তাসু/চখ
