পটিয়ায় আমজু মিয়ার বলীখেলা আজ
চট্টগ্রামের পটিয়ায় আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শতবর্ষী ঐতিহ্যের আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসর। প্রতিবছর বাংলা ১৪ বৈশাখে আয়োজনটি অনুষ্ঠিত হলেও চলতি বছর বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে ২৬ বৈশাখ নির্ধারণ করা হয়েছে।
বলীখেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাপক প্রস্তুতি। পটিয়া পৌরসদরের বৈলতলী রোডস্থ আমজু মিয়া চৌধুরীর বাড়ির মাঠে দিনব্যাপী বলীখেলার পাশাপাশি লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন রাখা হয়েছে।
আয়োজক জানান, এবারের প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বলীদের পাশাপাশি কক্সবাজারের টেকনাফের দিদার বলী, মহেশখালীর কলিম বলীসহ দেশের অর্ধশতাধিক খ্যাতিমান বলী অংশ নেবেন।
স্থানীয়দের মতে, ব্রিটিশ আমল থেকে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পরীর দিঘীপাড় এলাকায় এ বলীখেলার প্রচলন শুরু হয়। সময়ের ব্যবধানে এটি বর্তমানে “আমজু মিয়ার বলীখেলা” নামে পরিচিতি পেয়েছে এবং দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে।
উদযাপন পরিষদের সদস্য সচিব শাহজাহান চৌধুরী বলেন, টানা বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় প্রস্তুতিতে কিছুটা বিলম্ব হয়েছে। এ কারণে তারিখ পরিবর্তন করে ৯ মে নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার ও কুমিল্লা থেকেও দেশসেরা বলীরা অংশ নেবেন।
ফরিদা|চখ
