chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তারা বিদেশের কাছে দেশের অর্থনীতি লুটপাট করে দিয়েছে এবং ব্যাংকগুলোকেও ফোকলা করে দিয়েছে। লড়ায়ের মাধ্যমে অর্জিত এ পরিবর্তনকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে।”

শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ের পতিসর কাচারি বাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, “জুলাই মাসে সন্তানেরা মিলে যে লড়াই করেছে, তাকে আমরা ‘জুলাই যুদ্ধ’ বলি। এর মাধ্যমেই দেশে পরিবর্তন এসেছে এবং নতুন নির্বাচনের পর মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে তাকিয়ে আছে। দেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে।”

রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান স্মরণ করে মন্ত্রী বলেন, “কবিগুরু এখানে এসে কৃষকদের দুর্দশা দেখে ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষি আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছিলেন। এটি তার সাহিত্যকর্মের বাইরের এক অনন্য মানবিক দিক।”

মির্জা ফখরুল আরও বলেন, “সাহিত্য ও সংস্কৃতির চর্চা মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। গদ্য, পদ্য, নাটক ও গানে রবীন্দ্রনাথের অবাধ বিচরণ বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।”

রাজনীতির প্রেক্ষাপট টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এ দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে অতীতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। এখন একটি হতাশাবাদী গোষ্ঠী সমাজকে অস্থির রাখতে চায়। তবে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও আমাদের স্বতন্ত্র বাংলাদেশি পরিচয়কে সবার আগে মনে রাখতে হবে। লড়াই করেই যেমন স্বাধীনতা এসেছে, তেমনি লড়াই করেই গণতন্ত্র ফিরে পাওয়া গেছে।”

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু এবং নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এ ছাড়া মেক্সিকোতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হারুন অর রশীদ, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
ফরিদা/চখ

এই বিভাগের আরও খবর