কক্সবাজারে নতুন উপজেলা ‘মাতামুহুরি’
বগুড়া সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এর মধ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে নতুন ‘মাতামুহুরি’ উপজেলা গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত নিকারের ১২০তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে জানানো হয়, সভায় বগুড়া সিটি করপোরেশন এবং পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
নতুন গঠিত উপজেলাগুলো হলো—
- বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে ‘মোকামতলা’ উপজেলা
- কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে ‘মাতামুহুরি’ উপজেলা
- ঠাকুরগাঁও সদর উপজেলা বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা
- লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা
এর আগে স্থানীয় সরকার বিভাগ নিকার সভায় বগুড়া সিটি করপোরেশন ও নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করে।
বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি। নতুন পাঁচ উপজেলা যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫০০-তে।
তাসু/চখ
