স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে ২ বোনের আবেদন
ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক মামলাকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী অদলবদলের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও মেয়েকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে সংশ্লিষ্টদের হাজির করার নির্দেশ দেয়।
পরবর্তীতে আদালতে হাজির হলে কথিত ‘অপহৃত’ নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর সঙ্গে গিয়েছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও বলেন, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ইতোমধ্যে তিনি বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন।
অন্যদিকে অপর বোনও আদালতে একই ধরনের বক্তব্য দেন। তিনি জানান, তিনি নিজের স্বামীর সঙ্গে থাকতে চান না এবং বোনের স্বামীর সঙ্গেই জীবন কাটাতে আগ্রহী। এ অবস্থায় দুই বোনই আদালতের কাছে স্বামী অদলবদলের অনুমতি প্রার্থনা করেন।
উভয় পক্ষই প্রাপ্তবয়স্ক হওয়ায় বিচারপতি মন্তব্য করেন, এটি কোনো ফৌজদারি অপহরণের ঘটনা নয়, বরং পারিবারিক বিরোধের বিষয়। আদালত তাদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেয়।
শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেওয়া হয়। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
তাসু/চখ
