chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমানতের টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামে ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

আমানতের টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকেরা।

 

বুধবার সকাল ১১টা থেকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এ সময় বিক্ষোভকারীরা ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’—এমন বিভিন্ন স্লোগান দেন।

 

আন্দোলনে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যাংকে জমা রাখা অর্থ উত্তোলনে নানা সীমাবদ্ধতার কারণে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে ব্যবসা পরিচালনা ও পারিবারিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। সামনে ঈদুল আজহা থাকায় উদ্বেগ আরও বেড়েছে বলে জানান তারা।

 

বিক্ষোভকারীরা বলেন, আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং টাকা উত্তোলনের সব সীমাবদ্ধতা দ্রুত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয় এলাকায় কর্মসূচি পালন করায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিক্ষোভকারীদের অন্যত্র সরে যেতে বলা হয়েছিল। পরে তারা আলকরণ মোড়ে অবস্থান নেন এবং বাংলাদেশ ব্যাংকের কাছে স্মারকলিপি দেন।

এই বিভাগের আরও খবর