চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, আহত চবি শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক ছাত্রী আহত হয়েছেন। মাথায় আঘাত পেয়ে তিনি সাময়িকভাবে জ্ঞান হারান বলে জানিয়েছেন সহপাঠীরা।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরের ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম ইসরাত ফাতেমা। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সহপাঠীরা জানান, শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর এসে ইসরাতের কপালে লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে ফতেহাবাদ স্টেশনের কাছাকাছি পৌঁছালে তিনি প্রায় অচেতন হয়ে পড়েন।
আহত শিক্ষার্থীর সহপাঠী মুনমুন বলেন, ট্রেন চলার সময় পাশের একটি মাঠ থেকে কয়েকজন কিশোর পাথর ছুড়ে মারে। এর মধ্যে একটি পাথর ইসরাতের মাথায় লাগে। পরে তাকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথার কারণে শিক্ষার্থীটি দুর্বল হয়ে পড়েছিলেন। তার মাথার ক্ষতস্থানে একটি সেলাই দেওয়া হয়েছে। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা এ ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
