অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডারে মিলল ১ লাখ ৫ হাজার ইয়াবা, আটক ২
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১ লাখ ৫ হাজার ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
মঙ্গলবার দুপুরে ব্রিকফিল্ড রোড এলাকার পাথরঘাটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চন্দনাইশের দোহাজারী পৌরসভার আলীপাড়া এলাকার শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মো. আফসার (৩৩)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সে ইয়াবার বড় চালান ঢাকায় নেওয়া হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা অক্সিজেন সিলিন্ডারের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারে অ্যাম্বুলেন্স ব্যবহার করায় বিষয়টি আরও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
