শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে জরুরি নির্দেশনা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার টাকা পরিশোধে নতুন জরুরি নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। গত মঙ্গলবার জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, ২০২২ সালের জুন মাস পর্যন্ত অবসর ভাতার জন্য আবেদন জমা দেওয়া শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাব সচল রাখতে হবে। একই সঙ্গে আইবাস ডাবল প্লাস পদ্ধতিতে অর্থ পাঠানোর সুবিধার্থে প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে বলা হয়েছে।
অবসর সুবিধা বোর্ড জানিয়েছে, আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি ইমেইলে পাঠাতে হবে। কোনো আবেদনকারী মারা গেলে তাঁর মনোনীত ব্যক্তির এনআইডির কপিও পাঠানোর অনুরোধ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা পেতে বিলম্ব ও ভোগান্তির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের মতে, আবেদন জট ও তহবিল সংকটের কারণে অনেকেই বছরের পর বছর অপেক্ষায় থাকেন।
