ডিসি সম্মেলনে প্রস্তাব
‘অপসাংবাদিকতা’ ঠেকাতে আইনি ব্যবস্থার সুপারিশ
নিবন্ধনহীন অনলাইন মিডিয়া, ইউটিউব ও ফেসবুকে মানহীন এবং ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তাব উঠেছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধেও পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মাঠ প্রশাসন থেকে পাঠানো বিভিন্ন প্রস্তাবের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংক্রান্ত সাতটি প্রস্তাব ডিসি সম্মেলনের আলোচ্যসূচিতে স্থান পেয়েছে। বুধবার সম্মেলনের শেষ দিনে এ বিষয়ে কার্য-অধিবেশনে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক অনলাইন মিডিয়ার নিবন্ধন ব্যবস্থা চালু এবং ‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তার মতে, সাম্প্রতিক সময়ে নিবন্ধনহীন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মানহীন ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে সামাজিক অস্থিরতা তৈরি করা হচ্ছে। পাশাপাশি এআই প্রযুক্তির ভুল ব্যবহার বাড়ায় হয়রানির ঘটনাও বাড়ছে।
প্রস্তাবে বলা হয়েছে, নিয়ন্ত্রিত ও নীতিমালার আওতায় মিডিয়া পরিচালিত হলে পেশাদার সাংবাদিকতা উৎসাহিত হবে এবং গণমাধ্যমের মানোন্নয়ন সম্ভব হবে। এ প্রেক্ষাপটে অনলাইন মিডিয়া নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিকে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব দিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক। তার মতে, এতে সরকারের প্রচার কার্যক্রম আরও গতিশীল হবে এবং সরকার ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদার হবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের মাধ্যমে এ প্রস্তাব বাস্তবায়ন করা যেতে পারে।
রাজশাহীর জেলা প্রশাসক বিভাগীয় পর্যায়ে স্বতন্ত্র তথ্য অফিস স্থাপনের প্রস্তাব দিয়েছেন। এতে বিভাগীয় পর্যায়ে কার্যক্রম সমন্বয় এবং ভিআইপি কভারেজ সহজ হবে বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী থেকে আরও কয়েকটি প্রস্তাব এসেছে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনের জন্য সিনেমা ভ্যান সংযোজন, সড়ক প্রচারের জন্য বিশেষ প্রচারযান চালু এবং বহুতলবিশিষ্ট আধুনিক সম্প্রচার ভবন নির্মাণ। বিশেষ করে ১৯৬২ সালে নির্মিত বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ওই জেলার বেতার কেন্দ্রের জন্য নতুন পাঁচতলা ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন। তার যুক্তি, পুরোনো ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নতুন স্টুডিও নির্মাণ ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
