ঢাকা-তাশখন্দে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান অর্থমন্ত্রীর
উজবেকিস্তানের সমরখন্দে দেশটির উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে বৈঠকে ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বিশেষভাবে উজবেক এয়ারওয়েজের ফ্লাইট সেবা পুনরায় চালুর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার অনুরোধ জানান।
বুধবার উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। বৈঠকে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।
৩ থেকে ৬ মে সমরখন্দে অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী।
বৈঠকে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানোর জন্য উজবেকিস্তান সরকার এবং বিশেষ করে দেশটির রাষ্ট্রপতি শাওকাত মির্জিওয়েভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও জোরদার করতে বাণিজ্য, যোগাযোগ, কর্মসংস্থান, সংস্কৃতি, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অর্থমন্ত্রী বাংলাদেশে একটি উজবেক কূটনৈতিক মিশন স্থাপনের আহ্বানও জানান। পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যের জন্য উজবেকিস্তানের বাজারে আরও বেশি প্রবেশাধিকার চেয়ে তিনি দেশটির ব্যবসায়ী ও পর্যটন ভিসা সহজ করার আহ্বান জানান।
উচ্চ পর্যায়ের রাজনৈতিক সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাওকাত মির্জিওয়েভকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অর্থমন্ত্রী।
জবাবে উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাণিজ্য, কৃষি ও পর্যটন খাতে অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের বস্ত্র ও ওষুধ শিল্পের অগ্রগতির প্রশংসা করে তিনি শিগগিরই ব্যবসা ও বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে একটি উজবেক ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর আশ্বাস দেন।
দুই দেশের মধ্যকার সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বৈঠক শেষ হয়।
মুন্নি/চখ
