chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লিমন-বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানায়। সমাবর্তন অনুষ্ঠানে কনস্যুলেটের একজন প্রতিনিধি নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে ডিগ্রি গ্রহণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন ৭ মে মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জামিল আহমেদ লিমন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর গবেষণায় নিয়োজিত ছিলেন।

ঘটনার সূত্রপাত গত ১৬ এপ্রিল, যখন লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় এবং কোনো যোগাযোগ না পাওয়ায় পরিবার পুলিশে অভিযোগ করে।

পরে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে আবর্জনার কয়েকটি কালো ব্যাগে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এই নৃশংস জোড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মার্কিন নাগরিক আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের দুটি মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও দেশের শিক্ষা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুই মেধাবী শিক্ষার্থীর গবেষণা ও একাডেমিক অবদানকে সম্মান জানাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিরল মরণোত্তর ডিগ্রি প্রদানের উদ্যোগ নিয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। একই সঙ্গে মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তাসু/চখ