chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিচ্ছেদ নিয়ে যা বললেন অভিনেত্রী তানজিকা আমিন

তানজিকা আমিন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে তার ব্যস্ত সময় কাটছে। ভালো নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে নিয়মিত দেখা মিলছে তার।

২০১১ সালে জনপ্রিয় নির্মাতা এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিয়ের মাত্র দুই বছরের মধ্যেই বিচ্ছেদ হয় তাদের। তবে এতোদিন এ নিয়ে কোনো কথা বলেননি তানজিকা। অবশেষে মুখ খুলেছেন এক পডকাস্টে।

বিচ্ছেদের কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন তানজিকা। তিনি বলেন, ‘দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর খুবই ভালো মানুষ। সে এখন অন্য একজনের সঙ্গে  সুন্দরভাবে সংসার করছে। আমিও আমার জায়গায় ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে থাকা হয়নি।’

জানা যায়, বড় কোনো অভিযোগ নয়, ব্যক্তিত্বের অমিল ও বোঝাপড়ার ঘাটতিই ছিল বিচ্ছেদের মূল কারণ। তানজিকা বলেন, ‘আমাদের একটা অভ্যাস কোনো কিছু কাজ না করলে সেটাকে ভুল সিদ্ধান্ত বলি। কিন্তু আমার বিয়ের সিদ্ধান্ত পারফেক্ট ছিল। ডিভোর্সটা আনফরচুনেটলি হয়েছে। আমাদের সময়টা সুন্দর ছিল, আমি তা উপভোগ করেছি। এসব নিয়ে কোনো অনুশোচনা নেই।’

২০০৪ সালের ‘লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পাঁ রাখেন  তানজিকা আমিন। দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে কাজের সংখ্যা তুলনামূলক কম। তবে দুই বছর আগে ওটিটি সিরিজ ‘মহানগর ২’-এ অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি।

পরে ‘অমিমাংসিত’, ‘বোহেমিয়ান ঘোড়া’, ‘হাবুর স্কলারশিপ’, ‘লিলিথ’, ‘ডিমলাইট’-এর মতো জনপ্রিয় কনটেন্টে অভিনয় করেছে। আগামীতে তাকে ‘আন্ধার’ ও ‘রঙেরবাজার’ সিনেমায় দেখা যাবে।

দীর্ঘ সময় একাই ছিলেন তানজিকা। ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তিনি।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর