চট্টগ্রামে অস্ত্রসহ ‘ডিপজল’ গ্রেপ্তার
চট্টগ্রাম নগরে বিশেষ অভিযানে অস্ত্রসহ সাত্তার শাহ ওরফে ‘ডিপজল’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের আওতায় মোট ২২টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাতে নগরের বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সাত্তার শাহ (৪৭) রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইসলামিয়া নতুনপাড়ার বাসিন্দা। তিনি বর্তমানে বাকলিয়ার জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালী, চান্দগাঁও, ইপিজেড, পতেঙ্গা, পাহাড়তলী, বাকলিয়া, হাটহাজারী ও পটিয়া থানায় দায়ের হওয়া অন্তত ১৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্নি/চখ
