ইনস্টাগ্রামে অরিজিনাল কনটেন্টে গুরুত্ব, কপি পোস্টে কমবে রিচ
ডিজিটাল প্ল্যাটফর্মে মৌলিক কনটেন্ট নির্মাতাদের উৎসাহ দিতে বড় ধরনের পরিবর্তন আনছে মেটা প্লাটর্ফম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইন্যাস্টাগ্রামে রেকমেন্ডেশন বা সুপারিশে এলগরিদম নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে কপি করা পোস্টের পরিবর্তে অরিজিনাল কনটেন্ট বেশি গুরুত্ব পায়।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, নতুন এই নীতির ফলে অন্যের ছবি, রিলস বা ক্যারোসেল পোস্ট সামান্য পরিবর্তন করে পুনরায় আপলোড করা একাউন্টগুলোর প্রচার বা রিচ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বিশেষ করে যেসব পেজ নিয়মিত অন্যদের কনটেন্ট নিজেদের নামে শেয়ার করে, তাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিচ্ছে মেটা।
কোম্পানিটি জানিয়েছে, কোনো ব্যবহারকারী যদি এমন কনটেন্ট প্রকাশ করেন যা তিনি নিজে তৈরি করেননি কিংবা উল্লেখযোগ্য সম্পাদনা ছাড়াই শেয়ার করেছেন, তাহলে সেই পোস্ট নতুন দর্শকদের কাছে সুপারিশ করা হবে না। এর মাধ্যমে মূল নির্মাতাদের কনটেন্টকে বেশি দৃশ্যমান করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০২৪ সালে ইনস্টাগ্রামে কপি করা রিলসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এবার সেই নীতিকে আরও বিস্তৃত করা হচ্ছে। এখন থেকে ছবি ও একাধিক ছবির ক্যারোসেল পোস্টও একই নীতির আওতায় আসবে।
তবে এই সিদ্ধান্তে মিম, ফ্যানপেজ ও বিভিন্ন আলোচনাভিত্তিক অ্যাকাউন্টগুলো কিছুটা চাপে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এসব পেজে প্রায়ই অন্যের কনটেন্ট ব্যবহার করা হয়। এ বিষয়ে মেটা পরামর্শ দিয়েছে, ব্যবহারকারীরা যেন কনটেন্টে নিজস্ব ভয়েসওভার, গ্রাফিক্স, বিশ্লেষণ বা সৃজনশীল সম্পাদনা যুক্ত করেন, যাতে সেটিকে মৌলিক হিসেবে বিবেচনা করা যায়।
মেটা আরও স্পষ্ট করেছে, শুধু ওয়াটারমার্ক যোগ করা বা মূল নির্মাতাকে ক্রেডিট দিলেই কোনো পোস্ট অরিজিনাল হিসেবে গণ্য হবে না। অর্থাৎ ‘লো-এফোর্ট এডিট’ বা সামান্য পরিবর্তন এনে পুনরায় পোস্ট করলে সেটি অ্যালগরিদমে বাড়তি সুবিধা পাবে না।
তবে ইন্টারনেটে ভাইরাল হওয়া পুরোনো মিম বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নেওয়া স্ক্রিনশটের ক্ষেত্রে প্রকৃত নির্মাতা শনাক্ত করা কীভাবে সম্ভব হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি মেটা।
এদিকে, কনটেন্ট নির্মাতাদের জন্য ইনস্টাগ্রামের ‘অ্যাকাউন্ট স্ট্যাটাস’ ফিচার ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে তারা জানতে পারবেন কোনো কারণে তাদের পোস্টের রিচ কমানো হয়েছে কি না। ভুল সিদ্ধান্ত মনে হলে আপিল করার সুযোগও থাকবে।
