রাতের আঁধারে ৫০-৬০ যুবকের তাণ্ডব, সিসিটিভিতে ধরা দৃশ্য
কর্ণফুলীর কেপিজেডে গাছ কাটার জেরে দুই পক্ষে সংঘর্ষ
কর্ণফুলী উপজেলার কেপিজেড এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে দায়ের করা মামলার জেরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জামিনে মুক্ত হয়ে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে—এমন অভিযোগ উঠেছে।
সোমবার রাত ৯টার দিকে কেপিজেডের দৌলতপুর গেইট এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও থানা পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
কেপিজেডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ৫০-৬০ জন যুবক লাঠি, দা ও অন্যান্য দেশীয় অস্ত্র হাতে নিয়ে দৌলতপুর গেইট এলাকায় জড়ো হয়। তারা দলবদ্ধভাবে মহড়া দেয় এবং অস্ত্র হাতে বিভিন্ন দিকে ছুটাছুটি করতে থাকে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
কেপিজেড, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার একদল যুবক কেপিজেড এলাকা থেকে গাছ কাটতে গেলে দায়িত্বরত সিকিউরিটি সুপারভাইজার তবারুক বাধা দেন। এ সময় তাকে লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর কেপিজেডের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা এবাদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়।
অভিযোগ রয়েছে, ওই মামলার আসামিরা সোমবার আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে দৌলতপুর গেইট এলাকায় জড়ো হয়ে পুনরায় হামলার চেষ্টা করে। তবে এ ঘটনায় পুলিশের সদস্য আহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আহত সিকিউরিটি সুপারভাইজার তবারুক জানান, নিরাপত্তা কর্মকর্তা আবু ছৈয়দের নির্দেশে ঘটনাস্থলে গেলে দুই দফায় ১২ জন তার ওপর হামলা চালায়। এতে তার বাম হাতে গুরুতর আঘাত লাগে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১টা নাগাদ পুলিশের অভিযানে তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তাসু/চখ