chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তাৎপর্যপূর্ণ সফরে আজ বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটি তার প্রথম চীন সফর হওয়ায় কূটনৈতিক অঙ্গনে সফরটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

 

সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-ও থাকবেন। বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা এবং কৌশলগত যোগাযোগ জোরদার করাই সফরের প্রধান লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, গত এপ্রিল মাসে ভারতের সফরের পর এক মাসের ব্যবধানে চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

 

বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। বৈঠকে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, মোংলা বন্দরের আধুনিকায়ন, চীনে বাংলাদেশি কাঁঠাল রপ্তানি, গুয়াংজু-চট্টগ্রাম ও সাংহাই-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু, চীনা শিল্প স্থানান্তর এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পেতে পারে।

 

এছাড়া চীনের অর্থায়নে চলমান প্রকল্প, চাইনিজ অর্থনৈতিক অঞ্চল, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ সহযোগিতা এবং চীনের ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হতে পারে।

 

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য চীন সফরের বিষয়টিও উঠে আসতে পারে। কূটনৈতিক সূত্রগুলো আশা করছে, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে সরকারপ্রধানের বেইজিং সফর অনুষ্ঠিত হতে পারে।

 

এদিকে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব নিয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির একাধিক নেতার সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর