chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে ইটভাটার মাটির নিচে ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ দুটি বিদেশি অস্ত্র এবং ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও, একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আত্মস্বীকৃত মাদক কারবারিকে আটক করা হয়েছে

সোমবার সাড়ে ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিতিত্তে আজ ভোরে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র জব্দের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা। এ সময় ২টি বিদেশি অস্ত্র, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়।

এছাড়াও আলীখালী এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়। তিনি লেদার মৃত আবুল কাশেমের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ কার্যক্রম এবং আটককৃত আসামির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, যে ইটভাটা থেকে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আটক ব্যক্তি ও তার পরিবারের মালিকানাধীন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে অব্যাহতভাবে অভিযান পরিচালনা করছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর