chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নারী উদ্যোক্তা

স্বপ্ন বোনা সানজিদা

এক হাতে সংসার, অন্য হাতে স্বপ্ন। সন্তানকে ঘুম পাড়িয়ে, রান্নাঘরের কাজ শেষ করে রাত জেগে পোশাকের নকশা আঁকতেন সানজিদা আফরোজ। কখনও কাপড় কেটে নতুন ডিজাইন তৈরি, কখনও আবার অনলাইনে ক্রেতাদের সঙ্গে কথা—এভাবেই ধীরে ধীরে নিজের একটি আলাদা পরিচয় গড়ে তুলেছেন চট্টগ্রামের এই নারী উদ্যোক্তা।

 

একসময় ব্যাংকে চাকরি করার স্বপ্ন ছিল তার। পড়াশোনা শেষ করে অন্য অনেকের মতোই একটি স্থায়ী চাকরির পরিকল্পনা করেছিলেন। কিন্তু ছোট সন্তান, পরিবার আর সংসারের দায়িত্ব তাকে ঘরের বাইরের ব্যস্ত জীবনে যেতে দেয়নি। অনেকেই যেখানে স্বপ্ন থামিয়ে দেন, সেখান থেকেই নতুন পথ খুঁজে নেন সানজিদা। সিদ্ধান্ত নেন ঘরে বসেই কিছু করবেন, নিজের পরিচয় নিজেই তৈরি করবেন।

 

শুরুটা ছিল ছোট্ট একটি বিউটি পার্লার দিয়ে। বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে সীমিত পরিসরে কাজ শুরু করেন তিনি। পরে ধীরে ধীরে ফ্যাশন ডিজাইনের প্রতি আগ্রহ বাড়তে থাকে। দেশীয় পোশাক, বাঙালিয়ানার রং আর ঐতিহ্যকে ধারণ করে নিজস্ব ডিজাইনের পোশাক তৈরি শুরু করেন। তার হাতে তৈরি পোশাকে ফুটে ওঠে দেশের সংস্কৃতি, গ্রামবাংলার আবহ আর নারীর সৌন্দর্য।

 

বর্তমানে থ্রি-পিস, শাড়ি, কুর্তি ও কাস্টমাইজড ডিজাইনের পোশাক নিয়ে কাজ করছেন তিনি। বিশেষ করে হাতে কাজ করা দেশি পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে বলে জানান সানজিদা। তার তৈরি পোশাক ইতোমধ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শিল্পী ও মডেলদের কাছেও জনপ্রিয়তা পেয়েছে। বিটিভিসহ কয়েকটি চ্যানেলের অনুষ্ঠানে তার ডিজাইনের পোশাক ব্যবহার করতে দেখা গেছে শিল্পীদের।

 

শুধু ফ্যাশনেই নয়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী শুটকি ও ঘরোয়া আচারের ব্যবসাও পরিচালনা করছেন তিনি। অনলাইনভিত্তিক এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে চট্টগ্রামের পরিচিত স্বাদ। স্থানীয় নারীদের তৈরি পণ্য বাজারজাত করার সুযোগও করে দিচ্ছেন তিনি।

 

বাসার একটি ছোট কক্ষ থেকেই পরিচালিত হচ্ছে পুরো কার্যক্রম। নেই কোনো বড় শোরুম বা আড়ম্বরপূর্ণ অফিস। তবু সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করেছেন তিনি। সাধারণ সময়ে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকার বিক্রি হলেও ঈদ, পূজা ও বিয়ের মৌসুমে কয়েকগুণ বেড়ে যায় বিক্রির পরিমাণ।

সানজিদার সাথে কাজ করা অন্য নারীরা

 

তার উদ্যোগে বর্তমানে সরাসরি কাজ করছেন তিনজন নারী। এছাড়া তিনি পরিচালনা করছেন প্রায় ১৪ হাজার সদস্যের একটি উদ্যোক্তা গ্রুপ, যেখানে শতাধিক নারী সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করছেন। নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া, অনলাইন ব্যবসার কৌশল শেখানো, মেলার আয়োজন এবং সরকারি সহায়তা পাওয়ার বিষয়ে দিকনির্দেশনাও দিচ্ছেন নিয়মিত।

 

সানজিদা মনে করেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এখন সময়ের দাবি। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম নারীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ঘরে বসেই এখন একজন নারী নিজের দক্ষতা দিয়ে ব্যবসা গড়ে তুলতে পারেন।

নারী উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করেন তিনি

 

ভবিষ্যৎ নিয়েও বড় স্বপ্ন দেখছেন তিনি। চান, একদিন নিজের একটি বড় কারখানা গড়ে তুলতে, যেখানে দেশীয় পোশাক তৈরি হবে আধুনিকতার ছোঁয়ায়। সেই পোশাক দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও পৌঁছাবে এমন স্বপ্নই তাকে প্রতিদিন নতুন করে পথ চলার সাহস জোগায়। এছাড়া কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এবং বেশ কিছু জাতীয় পুরষ্কার  পেয়েছেন তিনি।

 

সংসারের চার দেয়ালের ভেতর থেকেও যে স্বপ্নের আকাশ ছোঁয়া যায়, সানজিদা আফরোজ যেন তারই এক জীবন্ত উদাহরণ।

এই বিভাগের আরও খবর