chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারসহ দেশের পর্যটন উন্নয়নে নতুন উদ্যোগ

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কক্সবাজারকে আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এ অধিবেশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অংশ নেয়।

মন্ত্রী জানান, সম্মেলনের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দেশের পর্যটন শিল্প। প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলোর সংস্কার, উন্নয়ন এবং নতুন পর্যটন গন্তব্য তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষভাবে মনপুরা এবং নেত্রকোনাসহ কয়েকটি জেলার পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, এসব এলাকায় পরিকল্পিতভাবে পর্যটন সুবিধা গড়ে তুলতে পারলে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে এবং দেশের ভাবমূর্তিও উন্নত হবে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো দর্শনার্থী নিরাপত্তাহীনতায় না পড়েন।

একইসঙ্গে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্রসৈকতকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বছরের নির্দিষ্ট সময়ে দ্বীপটি বন্ধ রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়নি, তবে বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।

বিভিন্ন জেলার উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দর উন্নয়ন এবং নতুন করে কয়েকটি বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়েও পরিকল্পনা চলছে।

আগামী ৭ তারিখে বগুড়া সফরে গিয়ে বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি স্থাপনের সম্ভাবনা পরিদর্শন করা হবে বলে জানান মন্ত্রী। সেখানে পাইলট তৈরির প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যাতে দেশের মেধাবী শিক্ষার্থীরা সহজে বিমানচালনা পেশায় যুক্ত হতে পারে।

মন্ত্রী আরও বলেন, অতীতে পর্যটন খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তবে বর্তমান সরকার পর্যটনকে একটি পূর্ণাঙ্গ শিল্পে পরিণত করতে কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় খাতের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর