শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেল দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ।
রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে নারী আসনের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে।
সংসদে প্রধান বিরোধী দল বিএনপি থেকে ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
শপথ নিলেন যারা
বিএনপির সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও প্রকৌশলী মাহবুবা হাকিম।
স্বতন্ত্র জোট থেকে শপথ নিয়েছেন সুলতানা জেসমিন।
ঝুলে আছে একজনের শপথ
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও আইনি জটিলতায় তার শপথ গ্রহণ আটকে আছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নুসরাত তাবাসসুমের প্রার্থিতা নিয়ে আপিল ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় তার নাম এখনো গেজেট আকারে প্রকাশ করা সম্ভব হয়নি। ফলে আজ (রবিবার) রাতের শপথ অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারেননি।
শপথ গ্রহণ শেষে নতুন সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নুসরাত তাবাসসুমের জায়গায় সংশ্লিষ্ট সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ স্থগিত রাখতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন এনসিপির আগের মনোনীত প্রার্থী মনিরা শারমিন।
প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনে গেজেট প্রকাশ না করতে তিনি রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অনুরোধ জানিয়েছেন।
রবিবার জমা দেওয়া আবেদনে মনিরা শারমিন উল্লেখ করেন, এনসিপির প্রার্থী হিসেবে তার জমা দেওয়া মনোনয়নপত্র গত ২০ এপ্রিল বাতিল করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করা হলে ২৮ এপ্রিল সেটিও খারিজ হয়ে যায়।
রিটকারীর দাবি, মনোনয়নপত্র বাতিল ও আপিল খারিজের এই সিদ্ধান্তগুলো বেআইনি।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন করেছেন, যার শুনানি সোমবার একটি ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফরিদা|চখ
