chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছাত্রদলকর্মী আশিক হত্যা চেষ্টা মামলা

হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিককে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই সঙ্গে অভিযোগে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ১২৭ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

 

চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নুর, সাবেক মন্ত্রী জাহাঙ্গির কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।

 

মামলা সূত্রে জানা যায়, জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় বিক্ষোভকারীদের ওপর হামলা, লাঠিপেটা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন ছাত্রদলকর্মী আশিক। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার পর একই বছরের ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন আশিক। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও দেড় শতাধিক ব্যক্তিকেও আসামি করা হয়েছিল।

 

অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ অভিযুক্তদের নির্দেশনা ও পরিকল্পনার অংশ হিসেবে অন্য আসামিরা সংঘবদ্ধভাবে ছাত্র-জনতার আন্দোলন দমনে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

 

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর