চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক দুর্ঘটনা
সেন্টমার্টিন পরিবহনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বসন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনায় একটি দ্বিতল বাসের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার দুর্ঘটনায় আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিটে ইফাদ মোটরস লিমিটেডের মালিকানাধীন অনুমোদনহীন দ্বিতল সেন্টমার্টিন পরিবহন (ঢাকা মেট্রো বি-১২-২৮৮১)-এর রুট পারমিট ও লাইসেন্স বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সারাদেশের দুর্ঘটনাপ্রবণ সড়ক-মহাসড়কের পাশে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। প্রস্তাবিত এ দলে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
এছাড়া রিটে বাণিজ্যিক যাত্রীবাহী পরিবহনের অনিয়ন্ত্রিত ও গতিসীমা অতিক্রম করে চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা এবং প্রতিটি পরিবহনে দৃশ্যমান স্থানে ফিটনেস, রেজিস্ট্রেশন ও ট্যাক্স সংক্রান্ত কিউআর কোড সংযুক্ত করার দাবি জানানো হয়েছে।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের প্রধান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সেক্রেটারিকে বিবাদী করা হয়েছে।
জানা গেছে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনটি রাত ২টা ৫ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে যায়। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়।
এ দুর্ঘটনায় রিটকারী আইনজীবীর বাম পাশের পাঁজরের পাঁচটি হাড় ভেঙে যায় এবং তিনি শারীরিক ও মানসিক জটিলতায় ভোগেন। চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিন বিশ্রামে থাকায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
তাসু/চখ
