আজ দুপুরের মধ্যে প্রকাশ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল আজ রোববার দুপুরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
রোববার (৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। সেখানে তিনি লিখেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দুপুরের মধ্যেই প্রকাশের চেষ্টা করা হচ্ছে।
এর আগে গত ২৫ এপ্রিল সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভাগীয় ও জেলা শহরের নির্ধারিত ১৩৮টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। মোট আসনের তুলনায় প্রতি আসনের বিপরীতে প্রায় দুইজন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ২৪ এপ্রিল রাজধানীর নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, দেশের ৮৮০টি কলেজে মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের জন্য ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ৩৭৫টি সরকারি এবং ৫০৫টি বেসরকারি কলেজ রয়েছে।
তথ্য অনুযায়ী, সরকারি কলেজগুলোর ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন শিক্ষার্থী। অন্যদিকে বেসরকারি কলেজের ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসনের জন্য আবেদন জমা পড়ে ৫৮ হাজার ১১৯টি।
এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে আয়োজনের জন্য সারাদেশে মোট ১৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়। এর মধ্যে ঢাকা মহানগরে ১৮টি কেন্দ্র ছাড়াও ঢাকা বিভাগে ২৭টি, চট্টগ্রামে ২৩টি, খুলনায় ১৮টি, রাজশাহীতে ১৭টি, রংপুরে ১৩টি, বরিশালে ১০টি, সিলেটে ৯টি এবং ময়মনসিংহে ৩টি কেন্দ্র ছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মুন্নি/চখ
