বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ, অবরোধে স্থবির সড়ক
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় বকেয়া বেতন ও শ্রমিকদের বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিম গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। শনিবার দুপুরে শুরু হওয়া এ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।
শ্রমিকরা নগরের সিএন্ডবি চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। কয়েক কিলোমিটারজুড়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অনেকে দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকেন, আবার অনেককে গন্তব্যে পৌঁছাতে হেঁটে যেতে দেখা যায়।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন পাওনা বকেয়া রয়েছে। তারা জানান, কয়েক বছরের ওভারটাইম বিল, টিফিন ভাতা ও অন্যান্য সুবিধা এখনো পরিশোধ করা হয়নি। পাশাপাশি নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধাও বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন তারা।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—প্রতি মাসের শুরুতে নিয়মিত বেতন পরিশোধ, বকেয়া পাওনা দ্রুত নিষ্পত্তি, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন, আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের হয়রানি বন্ধ, টিফিন বিল বৃদ্ধি এবং হাজিরা বোনাস চালু।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শ্রমিক জানান, গত বছরের কয়েক মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। চলতি বছরের কিছু মাসের আংশিক বেতন দিলেও সম্পূর্ণ পাওনা বুঝে পাননি তারা। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে দাবি করেন শ্রমিকরা।
নারী শ্রমিকরাও অভিযোগ করেন, মাতৃত্বকালীন ছুটি ও ভাতার বিষয়ে বছরের পর বছর শুধু আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো সমাধান হয়নি। ফলে তারা আর্থিক সংকটে পড়েছেন।
এদিকে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। জরুরি কাজে বের হওয়া অনেকেই দীর্ঘ সময় যানজটে আটকে থাকেন। রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলেও বিঘ্ন ঘটে বলে জানান সংশ্লিষ্টরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
অন্যদিকে শিল্প পুলিশের কর্মকর্তারা জানান, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বেতনসংক্রান্ত জটিলতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তারা।