নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার দুপুরে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
তিনি বলেন, দাপ্তরিক প্রক্রিয়া শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকেও নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে।
এর আগে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের আদেশের পর ২৯ এপ্রিল তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং ২ মে যাচাই-বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়।
জানা গেছে, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় পার হওয়ার পর আবেদন জমা দেওয়ায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হন নুসরাত তাবাসসুম। আদালত নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মুন্নি/চখ
