chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার চিরিংগা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করার সময় প্রতিবেশী মৃত নূরুল ইসলামের ছেলে কামাল উদ্দিন তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চকরিয়া সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবদুল মোমেন জানান, সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

ঘটনার পর অভিযুক্ত কামাল উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ অভিযানে নামে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গভীর রাতে চিরিংগা ইউনিয়নে তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের পর সে সেখানে আত্মগোপন করেছিল।

ওসি আরও জানান, ভিকটিমের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে আসামিকে ধরা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর