chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৪ মে দেশে পৌঁছাবে ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী সোমবার (৪ মে) সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে জামিল লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ দেশে পাঠানো হবে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, মরদেহটি শনিবার (২ মে) রাতে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেবে। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের আরেকটি ফ্লাইটে করে সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। আট দিন পর হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।

তবে নিখোঁজ থাকা অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার করা যায়নি।

এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নথি ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত ও নৃশংস।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর