অনিশ্চয়তায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
বৃষ্টির শঙ্কায় চট্টগ্রামের টি-টোয়েন্টি
কয়েক দিনের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে চট্টগ্রাম। এরই মধ্যে আজ সাগরিকায় অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তবে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ আয়োজন নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
মঙ্গলবার দুপুর থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়ার পূর্বাভাসে দিনের বেশির ভাগ সময় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আকাশ মেঘলা থাকায় ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যাবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
স্থানীয় সময় দুপুর দেড়টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টি অব্যাহত থাকলে সেটি পিছিয়ে যেতে পারে। একই সঙ্গে ম্যাচ শুরুর সময়ও পরিবর্তনের আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে মাঠ প্রস্তুত রাখাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আয়োজকদের জন্য।
চট্টগ্রামে আগের দিনও ভারী বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। খারাপ আবহাওয়ার কারণে বাংলাদেশ দল অনুশীলনে নামতে পারেনি। হোটেলেই সময় কাটিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় কিছুটা স্বস্তিতে রয়েছে স্বাগতিকরা।
অন্যদিকে সফরকারী নিউজিল্যান্ড দল ইনডোর সুবিধা ব্যবহার করে অনুশীলন চালিয়ে গেছে। প্রথম ম্যাচে হারের পর সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় ছাড়া বিকল্প নেই ব্ল্যাক ক্যাপদের সামনে। আর এই ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
মুন্নি/চখ
