chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় চা দোকানি হত্যা মামলায় আরও ১ জন গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ী শাহাদাত হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ নিয়ে এই মামলায় মোট তিনজনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার মধ্যরাতে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল (২৬) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, নিহত শাহাদাত হোসেন সাতকানিয়ায় ‘কুলিং কর্নার’ নামে একটি দোকান পরিচালনা করতেন। আসামিদের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। গ্রেফতারকৃতসহ কয়েকজন আসামি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

র‌্যাবের ভাষ্যমতে, কিছুদিন আগে ‘পিচ্চি কামাল’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় শাহাদাত হোসেন সহায়তা করেছিলেন—এমন সন্দেহ থেকে হামলাকারীরা তার ওপর ক্ষুব্ধ ছিল। এর জেরেই গত ২৬ এপ্রিল রাতে দোকানের সামনে বসে থাকা অবস্থায় তাকে লোহার রড, কাঠের লাঠি ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সাতকানিয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার সন্দেহভাজন আসামি ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর