স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ
নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলার রায় আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঘোষণা করা হবে।
নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী।
তিনি জানান, গত ১৫ এপ্রিল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার দিন রাতেই অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।
নিহতের পরিবার জানায়, অদিতা অন্যত্র কোচিং শুরু করায় ক্ষুব্ধ ছিলেন রনি। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে তিনি ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ঘটনাটি গোপন করতে নৃশংসভাবে তাকে হত্যা করেন এবং ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেন।
অদিতার মা রাজিয়া সুলতানা বলেন, “আমার মেয়ের হত্যার ন্যায়বিচার চাই। এমন শাস্তি হোক, যাতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”
পুলিশ জানায়, গ্রেফতারের সময় রনির শরীরে আঁচড়ের দাগ এবং পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। মামলায় বাদীপক্ষের ৪১ জন ও আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন।
উল্লেখ্য, এ নির্মম হত্যাকাণ্ডের পর নোয়াখালীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
তাসু/চখ
