আজ জাতীয় আইন সহায়তা দিবস
আজ জাতীয় আইনগত সহায়তা দিবস। ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামসহ সারাদেশে দিবসটি পালিত হচ্ছে নানা আয়োজনে। দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগকে আরও গতিশীল করতে এবারও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সচেতনতা কার্যক্রমে।
আইন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের কার্যক্রম সম্প্রসারণের মধ্য দিয়ে বিচারপ্রাপ্তি সহজ করার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সংশোধিত আইনের মাধ্যমে পূর্বের সংস্থাকে অধিদপ্তরে উন্নীত করে এর কাঠামো ও কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে। এখন বিনা খরচে মামলা পরিচালনার পাশাপাশি বিচারপ্রার্থীদের আইনি পরামর্শও দেওয়া হচ্ছে।
চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচি
দিবসটি উপলক্ষে চট্টগ্রামে জেলা লিগ্যাল এইড অফিস ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিচার বিভাগের কর্মকর্তা, প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
একই সময়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ সরাসরি আইনি পরামর্শ ও সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেরা প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়।
মুন্নি/চখ
