chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৫ মে চট্টগ্রাম বন্দরে ভিড়বে ১ লাখ টন অপরিশোধিত তেলবাহী জাহাজ

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত জানান, ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি ইতোমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নির্ধারিত সময়েই বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, জাহাজটি ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত উপকূলীয় এলাকা অতিক্রম করে এবং হরমুজ প্রণালীর ঝুঁকিপূর্ণ অঞ্চল এড়িয়ে আরব সাগরের নিরাপদ পথে বর্তমানে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকাল ৬টায় যাত্রা শুরু করে।

এই চালান দেশে পৌঁছালে অপরিশোধিত তেলের সংকটে সাময়িকভাবে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম আবারও চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে ইআরএল সূত্রে জানা গেছে, আরও একটি তেলবাহী জাহাজ ‘নর্ডিকস পলাক্স’, যাতে এক লাখ টন অপরিশোধিত তেল রয়েছে, সেটি বর্তমানে হরমুজ প্রণালীর অস্থিতিশীল পরিস্থিতির কারণে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকে আছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশের মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় ৯২ শতাংশই আমদানিনির্ভর। অবশিষ্ট ৮ শতাংশ স্থানীয় উৎস ও কনডেনসেট প্রক্রিয়াজাত করে সরবরাহ করা হয়।

খাতভিত্তিক ব্যবহারের হিসেবে পরিবহন খাতে জ্বালানির ব্যবহার সবচেয়ে বেশি, যা মোট ব্যবহারের ৬৩ দশমিক ৪১ শতাংশ। এরপর কৃষি খাতে ১৫ দশমিক ৪১ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে ১১ দশমিক ৬৭ শতাংশ, শিল্পে ৫ দশমিক ৯৬ শতাংশ এবং গৃহস্থালি খাতে প্রায় ১ শতাংশ জ্বালানি ব্যবহৃত হয়।

জ্বালানি পণ্যের মধ্যে ডিজেলের চাহিদা সর্বোচ্চ। এছাড়া ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন, কেরোসিন ও জেট ফুয়েলের ব্যবহারও উল্লেখযোগ্য।

বিপিসির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি তেল বিক্রি করেছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর