chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

প্রায় ৩৪ হাজার টন জেট ফুয়েল (বিমানের জ্বালানি) নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ ‘শিং তং ৭৯৯’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার বিকেলে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করে।

১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ এ জাহাজটির ড্রাফট (গভীরতা) বেশি হওয়ায় এটি সরাসরি বন্দরের প্রধান জেটিতে ভিড়তে পারেনি। ফলে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, আংশিক জ্বালানি খালাসের পর জাহাজটির ওজন কমলে সেটিকে বন্দরের জেটিতে নিয়ে আসা হবে।

এর আগে, গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে আসে।

এদিকে জ্বালানি আমদানির ধারাবাহিকতায় শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ট্যাংকার ‘প্রিভে অ্যাঞ্জেল’ বন্দরে ভিড়েছে। পাশাপাশি আগেরদিন (শুক্রবার) তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’ বহির্নোঙরে অবস্থান নেয়।

চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানিবাহী জাহাজের আগমন দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর