chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সংরক্ষিত নারী আসন

শারমিনের মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, সরকারি চাকরি ছাড়ার পর প্রয়োজনীয় তিন বছর পূর্ণ না হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

 

ইসি সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। এই বিধান লঙ্ঘিত হওয়ায় মনোনয়নপত্রটি গ্রহণযোগ্য হয়নি।

 

তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করলে তা শুনানি সাপেক্ষে নিষ্পত্তি করা হবে।

 

মনোনয়ন বাতিলের পর প্রতিক্রিয়ায় মনিরা শারমিন বলেন, আইনগত পরামর্শ নিয়ে তিনি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। তার আইনজীবীও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আপিল করা হবে এবং প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।

 

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের এ নির্বাচনে জামায়াত জোট থেকে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আগের দিন ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও মনিরা শারমিনের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার জানানো হয়।

 

প্রকাশিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১২ মে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর