chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঐতিহাসিক লালদিঘী ময়দানে বসছে ১১৭তম আবদুল জব্বারের বলীখেলা

চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১৭তম আবদুল জব্বারের বলীখেলা। এ উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলারও সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।

আগামী শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় বহুল প্রতীক্ষিত এ বলীখেলা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বলীখেলার উদ্বোধক থাকবেন হাসান মো. শওকত আলী। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

জব্বারের বলীখেলা উপলক্ষে ২৪ এপ্রিল থেকে বৈশাখী মেলা শুরু হবে। এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এবারের মেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ২৬ এপ্রিল রোববার ভোরের মধ্যে মেলা শেষ হবে।

আয়োজকরা জানান, মেলা ও বলীখেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও র্যাব-এর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, ড্রোন নজরদারি, সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে। এছাড়া মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর