কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে পানি সংকটে উৎপাদন নেমেছে ৪০ মেগাওয়াটে
রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) পানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ধস নেমেছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র ১টি ইউনিট চালু রয়েছে। ওই ইউনিট থেকেও উৎপাদিত হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ, যেখানে পূর্ণ সক্ষমতায় ৫টি ইউনিট থেকে ২৩০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন সম্ভব।
কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করে জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির স্তর ক্রমাগত কমে যাচ্ছে। ফলে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনি জানান, রুল কার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে পানির স্বাভাবিক স্তর থাকার কথা ৮৩.৮০ ফুট মিন সি লেভেল (এমএসএল), কিন্তু বুধবার সকাল ৯টায় পানির স্তর নেমে এসেছে ৭৭.৪৭ ফুটে।

এদিকে কপাবিকে’র কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত সপ্তাহে ২টি ইউনিট চালু থাকলেও পানির স্তর দ্রুত কমে যাওয়ায় মঙ্গলবার থেকে শুধুমাত্র ১টি ইউনিট চালু রাখা হয়েছে।
প্রকৌশলীরা আশঙ্কা করছেন, বৃষ্টিপাত না হলে হ্রদের পানির স্তর আরও কমবে, ফলে বিদ্যুৎ উৎপাদন সংকট দীর্ঘায়িত হতে পারে।
তাসু/চখ